
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে ৩ থেকে ১২ মাস বয়সী ছাগল ও ভেড়ার জন্য বিনামূল্যে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, গোদাগাড়ীতে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, গবাদিপশুর রোগ প্রতিরোধে সময়মতো টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশুর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি খামারি ও পশুপালকদের আর্থিক ক্ষতি কমাতেও নিয়মিত টিকাদান কার্যকর ভূমিকা রাখে। তাই সরকারি এ কর্মসূচির আওতায় নির্ধারিত বয়সের ছাগল ও ভেড়াকে টিকা দেওয়ার পাশাপাশি পশুপালকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিন বলেন, ছাগল ও ভেড়ার পিপিআর রোগ অত্যন্ত সংক্রামক। এ রোগের বিস্তার প্রতিরোধে সময়মতো টিকাদান গুরুত্বপূর্ণ। নির্ধারিত বয়সের ছাগল ও ভেড়াকে বিনামূল্যে টিকার আওতায় আনার মাধ্যমে রোগটির সংক্রমণ নিয়ন্ত্রণ ও নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি পশুপালকদের নিজ নিজ গৃহপালিত পশুকে নিয়মিত টিকা দেওয়ার আহ্বান জানান।
ভেটেরিনারি সার্জন ডা. মো. ওয়ারেস উল হক বলেন, পশুর সুস্থতা নিশ্চিত করতে রোগ প্রতিরোধের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পিপিআর রোগ থেকে ছাগল ও ভেড়াকে সুরক্ষিত রাখতে নির্ধারিত সময়ে টিকা প্রদান এবং অসুস্থ পশুর বিষয়ে দ্রুত প্রাণিসম্পদ বিভাগের পরামর্শ নেওয়া জরুরি।
এ সময় দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে গৃহপালিত পশুপাখিকে নিয়মিত টিকা দেওয়ার পাশাপাশি পশুর স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পশুর স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে খামারি ও পশুপালকদের নিজেদের স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।