
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৯ জুলাই) সংক্ষিপ্ত র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি সংক্ষিপ্ত র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জঙ্গী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়েও কার্যকর ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দিন এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু সাঈদ। তিনি দিবসটির তাৎপর্য তুলে ধরে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জুনিয়র মনিটরিং অ্যান্ড রিপোর্টিং স্পেশালিস্ট (এসএসিপি-রেইনস প্রকল্প) মো. জহুরুল ইসলাম, সনাক সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা, প্রয়াসের প্রশিক্ষণ বিভাগের কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালাম, আয়াসের প্রতিনিধি ওয়ালিদ হাসান এবং শিক্ষার্থী জারিন আফরোজ শিফাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে পরিবেশ সংরক্ষণে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশবান্ধব উদ্যোগকে উৎসাহিত করতে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং অধিক হারে বৃক্ষরোপণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।