
নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় কালো টেপে মোড়ানো ছয়টি ককটেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার পাটুল নিচাবাজারের ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৫-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার তন্ময় বিশ্বাস রোববার বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, পাটুল নিচাবাজারের ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে একটি সাদা বাজারের ব্যাগে সন্দেহজনক বস্তু পড়ে রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে ব্যাগের ভেতর কালো টেপে মোড়ানো ছয়টি ককটেল শনাক্ত করা হয়।
পরবর্তী সময়ে ভোরের দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় ককটেলগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ তালিকাভুক্ত করে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় নলডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।