
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শহর রক্ষা বাঁধকে ঝুঁকিমুক্ত রাখা, নদী তীররক্ষা অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সম্পত্তি সংরক্ষণের লক্ষ্যে অবৈধ দখল উচ্ছেদে যৌথ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টা থেকে নগরীর কেশবপুর দক্ষিণপাড়া টি-বাঁধ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
রাজশাহী জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অভিজিৎ সরকার। অভিযানের সময় কেশবপুর দক্ষিণপাড়া টি-বাঁধের ওপর অবৈধভাবে নির্মিত হাফিজুর রহমানের একটি স্থাপনা উচ্ছেদ করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজশাহী শহর রক্ষা বাঁধ নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো। বাঁধের স্থায়িত্ব, নিরাপত্তা এবং জনস্বার্থ রক্ষায় এর ওপর গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে অপসারণ করা হবে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, রাজশাহী শহর রক্ষা বাঁধকে ঝুঁকিমুক্ত রাখা এবং সরকারি স্থাপনা সংরক্ষণের লক্ষ্যেই এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ তত্ত্বাবধানে বর্তমানে কেশবপুর এলাকায় অভিযান পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য চিহ্নিত এলাকাতেও একই ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, উচ্ছেদ কার্যক্রম শুরুর আগে অবৈধ দখলদারদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে এবং এলাকা স্বেচ্ছায় খালি করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অনেকেই নোটিশের পর নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিয়েছেন। তবে যারা এখনো সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে অবস্থান করছেন, তাদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা হিসেবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার বলেন, “আমরা এর আগে একাধিকবার নোটিশ প্রদান ও মাইকিং করেছি। এরপরও যারা অবৈধ স্থাপনা অপসারণ করেননি, তাদের বিরুদ্ধে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শ্রীরামপুর বাঁধের পুরো অংশজুড়ে পর্যায়ক্রমে এ অভিযান চলবে। জনস্বার্থে সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।