
নিউজ ডেস্ক: নিবন্ধন অধিদফতরের বিভাগীয় ৫ শতাংশ কোটায় শূন্য থাকা সাব-রেজিস্ট্রারের ১৫টি পদে পদোন্নতির কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, পদোন্নতি ও নতুন নিয়োগের প্রক্রিয়া শেষ হলে শূন্য পদগুলোতে দ্রুত পদায়ন করা হবে।
মঙ্গলবার (৭ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ২০তম কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধানের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইনমন্ত্রী।
মন্ত্রী জানান, নিবন্ধন অধিদফতরে বর্তমানে সাব-রেজিস্ট্রারের ১২৫টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে বিভাগীয় ৫ শতাংশ কোটায় পদোন্নতিযোগ্য ১৫টি পদ এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগযোগ্য ১১০টি পদ রয়েছে।
তিনি বলেন, যেসব স্থানে নিয়মিত সাব-রেজিস্ট্রার পদায়ন করা সম্ভব হয়নি, সেখানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রাররা দায়িত্ব পালন করছেন। বিভাগীয় কোটার ১৫টি পদে পদোন্নতি দিতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। একই সঙ্গে অবশিষ্ট ১১০টি শূন্য পদে নিয়োগের জন্য বিধি অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চিঠি পাঠানো হয়েছে।
আইনমন্ত্রী আরও জানান, পিএসসির সুপারিশ পাওয়া কিংবা বিভাগীয় পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম সাব-রেজিস্ট্রি অফিসসহ শূন্য থাকা বিভিন্ন কার্যালয়ে পর্যায়ক্রমে সাব-রেজিস্ট্রার পদায়ন করা হবে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।