
বাঘা প্রতিনিধি: দুদকের মামলায় কারাগারে বাঘার সাবেক মেয়র আক্কাছ রাজশাহীর বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক দুটি মামলায় গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজশাহী জেলা বিশেষ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আক্কাছ আলী ২০০৬ সালের ২৯ মার্চ বাঘা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০২২ সালের ২৯ ডিসেম্বর তিনি আবারও পৌরসভার মেয়র নির্বাচিত হন।
আক্কাছ আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে পৃথক দুটি মামলা রয়েছে। ২০২৪ সালের ২৮ অক্টোবর দুদকের রাজশাহী উপসহকারী পরিচালক বোরহান উদ্দিন বাদী হয়ে জেলা ও দায়রা জজ আদালতে মামলা দুটি দায়ের করেন। এসব মামলায় উচ্চ আদালত থেকে ছয় মাসের জামিন পেয়েছিলেন তিনি। জামিনের শর্ত হিসেবে মামলার সঙ্গে ১০ লাখ টাকা জমা দেওয়ার অঙ্গীকার করে লিখিত অঙ্গীকারনামাও দিয়েছিলেন আক্কাছ আলী।
তবে গত ২৫ সেপ্টেম্বর তার জামিনের মেয়াদ শেষ হয়। এর আগে ২৭ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ১০ লাখ টাকা জমা দেওয়ার কথা থাকলেও তিনি তা জমা দেননি। পরে মঙ্গলবার আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত তার স্থায়ী জামিনের আবেদন গ্রহণ না করে পূর্বের জামিন বাতিল করেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।