
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে তিন দিনব্যাপী গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতায় কাবাডি, হ্যান্ডবল, দাবা, সাঁতারসহ বিভিন্ন গ্রীষ্মকালীন খেলায় বালক ও বালিকারা পৃথকভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস।
উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আখতার জাহান। এ ছাড়া চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও জান্নাতুল ফেরদৌস বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে ওঠে।
তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি চর্চা বাড়ানোর আহ্বান জানান।
শিক্ষার্থীদের সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও নেতৃত্বগুণসম্পন্ন হিসেবে গড়ে তোলার প্রত্যাশায় তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপ্তি হয়।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।