1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ভিজিএফের চাল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

ভিজিএফের চাল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান হোসেনের বিরুদ্ধে ভিজিএফের চালের কার্ড বিতরণে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি নিয়ম উপেক্ষা করে প্রকৃত দরিদ্র, দিনমজুর ও ভূমিহীনদের পরিবর্তে পাকা বাড়ি, জমিজমা ও সম্পদের মালিক স্বচ্ছল ব্যক্তিদেরও ভিজিএফের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বঞ্চিত দরিদ্র মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তথ্য অনুযায়ী, বালুভরা ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় ১ হাজার ৬৮৭ জন উপকারভোগী রয়েছেন।

সরকারি নিয়ম অনুযায়ী, বছরে দুই ঈদে ভূমিহীন, দিনমজুর ও অসহায় পরিবারগুলোর মধ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় পরিবারপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। তবে বালুভরা ইউনিয়নে উপকারভোগীদের তালিকা প্রণয়নে এ নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, চেয়ারম্যানের পছন্দের ব্যক্তিদের পাশাপাশি স্বচ্ছল পরিবারের সদস্যদেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামের লুৎফর রহমানের স্ত্রী মালা বেগমের নাম ভিজিএফের তালিকায় রয়েছে। লুৎফর রহমান পেশায় রাজমিস্ত্রি এবং শ্রমিক দলের নেতা বলে স্থানীয়ভাবে পরিচিত। তার প্রায় তিন বিঘা ফসলি জমি, চার কক্ষের একতলা পাকা বাড়ি ও একটি ব্যক্তিগত মোটরসাইকেল রয়েছে।

মালা বেগম বলেন, গত দুই ঈদে তিনি ১০ কেজি করে চাল পেয়েছেন। ভোটার আইডি কার্ড দেখিয়ে চাল দেওয়া হয়েছে। তবে তালিকায় কীভাবে তার নাম এসেছে, তা তার স্বামী বলতে পারবেন।

স্থানীয় আব্দুল লতিফ, মামুন ও সাত্তার বলেন, লুৎফর রহমানের পরিবার মোটামুটি স্বচ্ছল। এরপরও তারা ভিজিএফের চাল পাচ্ছেন। অথচ প্রকৃত অসচ্ছল পরিবারগুলো বঞ্চিত হচ্ছে। জনপ্রতিনিধিদের সঙ্গে সখ্যতা থাকলে স্বচ্ছল ব্যক্তিদের নাম তালিকায় স্থান পাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

এদিকে ৬ নম্বর ওয়ার্ডের দোনইল গ্রামের ফেরদৌস আলীর নামও ভিজিএফের তালিকায় রয়েছে। একসময় তিনি প্রবাসে ছিলেন। বর্তমানে ঢাকায় নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করছেন। তার প্রায় চার বিঘা ফসলি জমি এবং ইটের আধাপাকা বাড়ি রয়েছে। তার স্ত্রী জানান, তারা দুইবার ভিজিএফের চাল পেয়েছেন। ইউনিয়ন পরিষদে থাকা জামাই চাল তুলে নিয়ে আসেন।

৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইদ্রিস আলী বলেন, ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে চেয়ারম্যানের সিল ও স্বাক্ষরের মাধ্যমে উপকারভোগীদের চাল দেওয়া হয়। ভিজিএফের চাল বিতরণের জন্য তিনি ৫০টি কার্ড পেয়েছিলেন এবং সেগুলো প্রকৃত দরিদ্রদের মধ্যে বিতরণ করেছেন। তবে ভিজিএফের তালিকায় লুৎফর রহমানের স্ত্রীর নাম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা বিএনপি করায় দলীয়ভাবে কার্ড পেয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বারাতৈল, ৪ নম্বর ওয়ার্ডের মির্জাপুর এবং ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালুভরা গ্রামেও স্বচ্ছল ব্যক্তিদের নাম ভিজিএফের তালিকায় রয়েছে।

অভিযোগের বিষয়ে বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান হোসেন বলেন, ঈদ বোনাস হিসেবে সবাইকে ভিজিএফের চাল দেওয়া হয়। পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদেরও চাল দেওয়া হয়েছে। তার দাবি, দলীয়ভাবে ৪০ শতাংশ এবং বাকি কার্ড ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা হয়। ঈদ বোনাস হিসেবে স্বচ্ছল পরিবারের নামও থাকতে পারে, বিষয়টি অস্বীকার করা যাবে না।

বদলগাছী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, নিয়ম অনুযায়ী প্রকৃত অসহায়দের মধ্যে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করার কথা। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team