
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত নেপালী শিক্ষার্থীরা দেশটির সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির চিত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের কাছে তুলে ধরেছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে তারা নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা ও এতে সৃষ্ট ক্ষয়ক্ষতির মাত্রা সম্পর্কে অবহিত করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
সাক্ষাৎকালে নেপালী শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ডিজাস্টার স্কলারশিপ স্কিম’ (Disaster Scholarship Scheme) নামে একটি বৃত্তি চালুর প্রস্তাব দেন। প্রস্তাবটি স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় তহবিল পাওয়া সাপেক্ষে এ বৃত্তি চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক এস এম কামরুজ্জামান এবং শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরির ওয়ার্ডেন অধ্যাপক মো. আবু বকর প্রাং উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।