
নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে তদারকি ও ব্যবস্থাপনা জোরদার করেছে সরকার। যাত্রীচাপ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
বুধবার (২৭ মে) সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। যাত্রীদের সহযোগিতামূলক মনোভাবের কারণে পুরো কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, লঞ্চের কেবিন ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে কিছু আলোচনা থাকলেও নির্ধারিত ভাড়ার বাইরে কোনো কিছু নেওয়া হচ্ছে না। ১২০০ টাকার কেবিন ১৪০০ টাকায় ভাড়া দেওয়া হলেও তা সরকারি নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে বলে মালিকপক্ষ জানিয়েছে।
তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে টার্মিনালে মানুষের চাপ বেড়েছে। তবে পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মীদের নিয়মিত নির্দেশনা দেওয়া হয়েছে। কোথাও যাতে ময়লা-আবর্জনা জমে না থাকে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
নৌযান চলাচল ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ছোট নৌকা চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত ইতিবাচক ফল দিচ্ছে। এতে যাত্রীরা সহজে চলাচল করতে পারছেন এবং লঞ্চে ওঠানামাতেও স্বস্তি পাচ্ছেন। পাশাপাশি যাত্রীদের অভিযোগ বা সমস্যার কথা জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো ঈদে ঘরমুখো প্রতিটি মানুষকে নিরাপদে ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়া। এজন্য নৌপথের সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।