1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়ে রাজশাহীতে তিন দিনব্যাপী কর্মশালা শুরু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়ে রাজশাহীতে তিন দিনব্যাপী কর্মশালা শুরু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পরিচ্ছন্নতা ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় রাজশাহী সিটি করপোরেশনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে রাজশাহীতে এসেছেন তিনটি সিটি করপোরেশন ও একটি পৌরসভার প্রশাসক, কর্মকর্তা এবং কমিউনিটি প্রতিনিধিরা। তাঁদের অংশগ্রহণে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নগর ভবনের সিটি হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

‘অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা এবং ইউডিসিজিপির টিম লিডার রেমন্ড গার্সিয়া গো। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক এ এস এম রাশেদুর রহমান। রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিকদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করাই সিটি করপোরেশনের প্রধান লক্ষ্য। রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্য অর্জনে সবার আন্তরিকতা, সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

তিনি বলেন, একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের একার নয়। এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা, পরিচ্ছন্নতাকর্মীদের আন্তরিকতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসংখ্যা বৃদ্ধি ও দ্রুত নগরায়ণের ফলে বর্জ্য ব্যবস্থাপনায় প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশসম্মত উপায়ে বর্জ্য অপসারণের ওপর গুরুত্ব দিতে হবে।

রাসিক প্রশাসক আরও বলেন, নগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। রাজশাহীকে নতুনভাবে সাজাতে মাস্টারপ্ল্যান তৈরির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নগর ভবনসহ সিটি করপোরেশনের অন্যান্য ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, এ কর্মশালার মাধ্যমে রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে। এসব অভিজ্ঞতা নিজ নিজ এলাকার উন্নয়ন কার্যক্রমে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে। একটি সিটি করপোরেশনের সফল উদ্যোগ অন্য সিটি করপোরেশনের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রমে নগরবাসীসহ সংশ্লিষ্টদের সহযোগিতা প্রশংসনীয়। রাজশাহীর অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে নারায়ণগঞ্জের উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও এগিয়ে নিতে তাঁরা আগ্রহী।

কর্মশালায় গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিদের পাশাপাশি এলজিইডি, জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আগামী ২৬ নভেম্বর তিন দিনব্যাপী এ কর্মশালা শেষ হবে। কর্মশালার অংশ হিসেবে অংশগ্রহণকারীরা রাজশাহী সিটি করপোরেশনের বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ কার্যক্রম, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা এবং রাতের সড়ক পরিষ্কার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team