
নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাস্থ্যসেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেছেন,দেশের প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের (বকুল)সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডিসেম্বর মাস থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা-সেবা বিষয়ক বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি জানান।
সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে অবহিত করেন, পরিবার পরিকল্পনা জোরদার করতে এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকার বছরব্যাপী কর্মসূচি শুরু করতে যাচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে মানুষকে সচেতন করা এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনার মতো জাতীয় গুরুত্বপূর্ণ ও মৌলিক চাহিদার মতো বিষয় বিগত সরকারের সময়ে চরম অবহেলিত ছিল। বর্তমান সরকার পরিবার পরিকল্পনাসহ স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেট বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ ও সেবার মান বৃদ্ধিসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সরকার প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে এবং হেলথ কার্ডসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজি জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।