
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদকের বিস্তার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে সভায় মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমনসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম, সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আকতার, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আলী আজগর খান, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, পৌর বিএনপির সদস্য ও সাবেক কমিশনার মহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শামীম হোসেন প্রমুখ বক্তব্য দেন।
সভায় মাদকের ভয়াবহতা ও এর সামাজিক ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাদক ব্যবসা ও সেবন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা, মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।