
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গাবতলী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে সুখানপুকুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন, গাবতলী উপজেলার চামুড়পাড়া গ্রামের শ্রী সুমন চন্দ্র দাস (৩২) এবং ডহড়গ্রাম এলাকার মো. রেজাউল করিম সাজু (৪৫)। অভিযানে তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত শ্রী সুমন চন্দ্র দাসকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং মো. রেজাউল করিম সাজুকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও আমরা সমান গুরুত্ব দিচ্ছি। সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে মাদকের ভয়াবহতা মোকাবিলা করা আরও সহজ হবে।”
তিনি আরও বলেন, “মাদকাসক্তি ও মাদক পাচারের বিরুদ্ধে কোনো ধরনের আপসের সুযোগ নেই। মাদকের সঙ্গে জড়িত যেই হোক, আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার।”
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।