
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলীতে মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৪ জুন ) দুপুরে বগুড়া জেলার গাবতলী উপজেলার কদমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযানকালে কদমতলী এলাকার মো. লালু খাঁর ছেলে কদমতলী গ্রামের মো. সোহেল রানা (৩০)-কে একটি টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ (এক) বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত আলামত ঘটনাস্থলেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক মো. জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “মাদকের বিস্তার রোধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকসংক্রান্ত তথ্য থাকলে জনগণকে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানাই।”
খবর২৪ঘন্টা/মইসে,
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।