
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী ও চকসুত্রাপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা ও দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতার তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী ও চকসুত্রাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বগুড়া সদর উপজেলার জামিলনগর এলাকার মৃত আব্দুল খালেক খানের ছেলে মো. নাছিরুজ্জামান খান (তপু) (৪১), একই উপজেলার রাজাপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে মো. কোরমান আলী (৩৫) এবং শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকার মো. কজুমুদ্দীনের ছেলে মো. রনি ইসলাম (২১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
ভ্রাম্যমাণ আদালত নাছিরুজ্জামান খান ও কোরমান আলীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অপর আসামি রনি ইসলামকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মো. জিল্লুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
অভিযানে উদ্ধার করা গাঁজা ও ইয়াবা ট্যাবলেট বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।