
নিউজ ডেস্ক: বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজের নতুন ভবনের উদ্বোধন করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
সোমবার (২০ জুলাই) ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী ঘাঁটি বাশারে তিনি নতুন ভবনের উদ্বোধন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবাহিনী প্রধান ভবনের স্মারক ফলক উন্মোচন করেন, প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে তিনি ভবনটির বিভিন্ন দাপ্তরিক ও অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন।
চলতি বছরের ১৮ জানুয়ারি বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজের আনুষ্ঠানিক কার্যক্রম ও ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। এরপর থেকে বিমানবাহিনী প্রধানের দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি আকাশ ও মহাকাশ শক্তি, জাতীয় নিরাপত্তা, কৌশলগত পরিবেশ এবং প্রতিরক্ষা নীতিমালা বিষয়ে গবেষণা ও জ্ঞানচর্চা পরিচালনা করছে।
বিমানবাহিনী প্রধান আশা প্রকাশ করেন, নতুন ভবন চালুর ফলে বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ গবেষণা, শিক্ষা ও নীতিনির্ধারণ-সহায়ক কার্যক্রম আরও গতিশীল হবে। সম্প্রতি প্রতিষ্ঠানটি সোসাইটিজ রেজিস্ট্রেশন আইনের অধীনে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসে নিবন্ধিত হয়েছে।
অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, এয়ার অধিনায়ক আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র, বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার ও বাশারের এয়ার অধিনায়করা, ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট, বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজের গভর্নিং বডির সদস্য এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।