
নিউজ ডেস্ক: জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারি কর্মচারী হাসপাতালে বিনামূল্যে বিশেষ অস্ত্রোপচার কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সরকারি কর্মচারী হাসপাতালে এ বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, বিশ্বব্যাপী প্রতি ৫০০ থেকে ৬০০ নবজাতকের মধ্যে একজন ঠোঁটকাটা বা তালুকাটা সমস্যাসহ জন্ম নেয়। বাংলাদেশেও প্রতি বছর প্রায় পাঁচ হাজার শিশু এ ধরনের জন্মগত ত্রুটির মুখোমুখি হয়। একটি সফল অস্ত্রোপচার শুধু একটি শিশুর মুখমণ্ডলই পরিবর্তন করে না, বরং তার পুরো জীবন বদলে দিতে পারে।
তিনি বলেন, জন্মগত এসব ত্রুটি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সময়মতো অস্ত্রোপচার নিশ্চিত করতে সরকার সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করছে।
উপদেষ্টা আরও বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার কাজ শুরু হয়েছে। পাশাপাশি বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সরকারি কর্মচারী হাসপাতালের সব কার্যক্রম পর্যায়ক্রমে ডিজিটালাইজড করার পরিকল্পনাও রয়েছে।
বিনামূল্যে অস্ত্রোপচার কর্মসূচির উদ্বোধনের পর সরকারি কর্মচারী হাসপাতালের কল সেন্টারেরও উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।