
নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, ‘এ ঘটনায় চার্জশিট দিতে ডিএনএ টেস্ট প্রয়োজন হয়। ডিএনএ টেস্ট করতে ৪৮ ঘণ্টা সময় লাগে, সেটা শেষ হবে রবিবারের দুপুরের মধ্যে। আমরা সেদিন বিকেলের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করতে পারব।’
গতকাল বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত ১০টার দিকে রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় সঙ্গে ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতারা।
পরে বেরিয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রামিসার মা-বাবা এবং বড় বোনকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এসময় আমরা তাদের আশ্বস্ত করেছি, পুলিশ ডিপার্টমেন্ট দ্রুততার সঙ্গে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামি এরইমধ্যে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবাবন্দী দিয়েছে। এখন চার্জশিট দেওয়ার পালা।’
স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করে বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচারকার্য নিষ্পন্ন হয়, সেজন্য আমরা চেষ্টা করব যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়। সেজন্য প্রশাসনের পক্ষ থেকে আমাদের চেষ্টা থাকবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী এসময় জানান, শিশু ধর্ষণের মতো ঘৃণ্যতম অপরাধের ক্ষেত্রে যেন দ্রুত এবং সংক্ষিপ্ত সময়ে চার্জশিট দেওয়া যায়, সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছে সরকার। তিনি বলেন, ‘সেজন্য যদি আইনে আরও কিছু পরিবর্তন আনতে হয়, এ নিয়ে ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনের দরকার, সেটা আমরা করব। দেশে এরকম ঘৃণিত অপরাধের যাতে আর পুনরাবৃত্তি না হয়, সেজন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।’
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।