
নিউজ ডেস্ক: চীনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্লাইটটিতে রাত ৮টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের স্থানীয় সময় বিকাল সোয়া ৫টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও একই ফ্লাইটে ফিরছেন।
বেইজিং সফরের শেষ দিনে প্রধানমন্ত্রীকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউ শিয়াওয়ং। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন তিয়াওইউথাই থেকে সফরসঙ্গীদের নিয়ে তিনি বিমানবন্দরে পৌঁছান।
সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রায় ৫০ মিনিটের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুই নেতার মধ্যে একান্ত বৈঠকও হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রী চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জাদুঘর পরিদর্শন করেন।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।