
দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে পুকুর থেকে মাছ চুরি করে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে একটি মিনি ট্রাক। এ সময় ট্রাকটি উদ্ধার করতে না পেরে মাছসহ সেটি ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুকুর মালিকের দাবি, চুরি হয়েছে প্রায় ৩০ মণ মাছ, যার আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে উপজেলার কিশোরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুকুরের মালিক মো. কবির (৫০) দুর্গাপুর থানায় দেওয়া এজাহারে উল্লেখ করেন, কিশোরপুর গ্রামে তাঁর একটি লিজ নেওয়া পুকুর রয়েছে। সেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন তিনি। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ছেলে মো. ফাহিমকে নিয়ে পুকুরের চারপাশ দেখাশোনা করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন তিনি।
এজাহারে বলা হয়, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে পুকুরের দিকে যাওয়ার সময় স্থানীয় গোলাম রাসুল তাঁকে জানান, পুকুর থেকে মাছ চুরি হয়েছে। পরে পুকুরপাড়ে গিয়ে কবির দেখতে পান, পানিতে জাল টানার চিহ্ন এবং মাছের বস্তা ও জাল তোলার চিহ্ন রয়েছে। পুকুরের চারপাশে থাকা গাছের ডালও মাড়ানো অবস্থায় দেখতে পান তিনি।
পরে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে জানতে পারেন, কানপাড়া থেকে দুর্গাপুরগামী পাকা সড়কের কিশোরপুর মোড়ে একটি মিনি ট্রাক খাদে পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, ঢাকা মেট্রো-ন-১১-২৪৮৭ নম্বরের মিনি ট্রাকটি সড়কের পাশে পড়ে আছে। ট্রাকটির ওপর ও আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে মাছের বস্তা এবং জাল পড়ে ছিল। পাশের একটি পুকুরের পানিতেও মাছের বস্তা ও মাছ ভাসতে দেখা যায়।
কবিরের অভিযোগ, রাত সাড়ে ১১টা থেকে ভোর ৫টা ৪৫ মিনিটের মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা চোরেরা তাঁর পুকুর থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০ মণ মাছ চুরি করে ওই মিনি ট্রাকে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পথে ট্রাকটি দুর্ঘটনায় পড়লে তারা মাছ ও ট্রাক ফেলে পালিয়ে যায়।
পুকুর মালিক কবির হোসেন বলেন, ‘পুকুর থেকে প্রায় ৩০ মণ মাছ চুরি হয়েছে। এতে আমার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।’
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাদে পড়ে থাকা ঢাকা মেট্রো-ন-১১-২৪৮৭ নম্বরের মিনি ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। মাছ চুরির ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।