
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না সভাপতিত্বে উপজেলা ভেটেরিনারি সার্জন শাহিনুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আহসান হাবিব, উপজেলা এলজিইডি প্রকৌশলী মুনসুর রহমান, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক ওহিদুল ইসলাম এবং বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ।
সভাপতির বক্তব্যে ইউএনও রিজু তামান্না বলেন, “আমড়া যখন গবাদিপশু বা অন্যান্য প্রাণী অসুস্থ হয়, তখনই কেবল প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসকের কাছে আসি। কিন্তু প্রাণিসম্পদ দপ্তর থেকে এ ছাড়াও আরও অনেক ধরনের সেবা দেওয়া হয়, যা আমড়া অনেকেই জানি না। এসব সেবা সম্পর্কে অবহিত হয়ে সেগুলো গ্রহণ করলে আপনাদের স্বাবলম্বী হতে বেশি সময় লাগবে না।”
তিনি আরও বলেন, বাগমারায় প্রাণিসম্পদ খাতের সঙ্গে মানুষের সম্পৃক্ততা দিন দিন বাড়ছে। গবাদিপশু, হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন খামার করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। এ খাত স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বক্তারা বলেন, বাগমারায় দিন দিন গবাদিপশু, হাঁস-মুরগি ও অন্যান্য প্রাণিসম্পদ পালনের সঙ্গে যুক্ত খামারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এসব খামার করে অনেক মানুষ স্বাবলম্বী হচ্ছেন। বিশেষ করে তরুণদের প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা গেলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে এ খাতের অবদান আরও বাড়বে।
সভায় তরুণ উদ্যোক্তাদের গবাদিপশু, হাঁস-মুরগি পালনসহ প্রাণিসম্পদ খাতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, চিকিৎসাসেবা, পরামর্শ ও অন্যান্য সরকারি সেবা গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।