
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন ও সেবাপ্রাপ্তির বিভিন্ন বিষয় নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের সভাকক্ষে সিসিবিভিওর আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানির সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক। সভা সঞ্চালনা করেন সিসিবিভিওর ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম। সিসিবিভিওর পক্ষে কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে কী নোট উপস্থাপন করেন কর্মসূচি কর্মকর্তা পৌল টুডু।
সভায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবার প্রতিনিধি ইদরিস আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হাবিবা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুষ্মিতা রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সায়মা আঞ্জুমান এবং যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি সাঈদ হোসেন।
এছাড়া রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, সরল এক্কা, বিউটি তির্কী, মলিন মারান্ডী, বাপ্পি মার্ডীসহ সুশীল সমাজের প্রতিনিধি, উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী আরিফুল ইসলাম, মাইকেল মারান্ডী, আব্দুল ওহাব রিপন এবং সাংবাদিক প্রতিনিধি দেলোয়ার হোসেন সোহেল, মিজানুর রহমান, টিপু সুলতান, মনিরুজ্জামান, আব্দুস সবুর ও আলিফ হোসেন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার মুক্ত আলোচনায় রক্ষাগোলার বিভিন্ন সমস্যা ও সেবাপ্রাপ্তির বিষয় নিয়ে মতামত দেন রুপালী হেম্ব্রম, অর্চনা টুডু, সুরেশ কিস্কু, অনিল মুরারী, অতিন উরাও, দিলিপ মারান্ডী, আলাতন টুডু, সমন্বয় কমিটির নেতা সরল এক্কা ও সিষ্টি টুডু। এছাড়া বক্তব্য দেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম।
সমাপনী বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, ভূমি সংক্রান্ত বিষয় আইনের সঙ্গে সম্পৃক্ত। আইন অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ উপজেলা প্রশাসন গ্রহণ করবে। সেবা নিতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে প্রশাসনকে জানাতে হবে।
তিনি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের উদ্দেশে বলেন, সেবা নিতে আসা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করতে হবে।
সহকারী কমিশনার (ভূমি) আরও বলেন, সিসিবিভিও যে উদ্যোগ গ্রহণ করেছে, তা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সেবা প্রাপ্তির ক্ষেত্রে যেসব সুপারিশ করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট জনগণকে প্রয়োজনীয় দপ্তরে যাওয়ার পরামর্শ দিতে হবে। কোনো সমস্যা হলে উপজেলা প্রশাসনকে জানাতে হবে।
তিনি বলেন, আমরা যৌথভাবে কাজ করলে এসব সমস্যা থাকবে না। পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে আমরা একটি সম্প্রীতির দেশ গড়ে তুলতে পারব।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।