
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগের জেরে অপহৃত এক স্কুলছাত্রীকে রাজশাহী মহানগরীর মহানন্দা আবাসিক এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি তন্ময় তানভীর নয়নকে (৩০) গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, শিবগঞ্জ থানার মামলা নম্বর ২১, তারিখ ১৭ নভেম্বর ২০২৫। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর সংশোধনী ২০২৫ এর ৭ ও ৩০ ধারায় রুজু করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি তন্ময় তানভীর নয়ন বাদীর কন্যা ভিকটিমকে স্কুলে আসা যাওয়ার পথে বিভিন্ন সময় আজেবাজে কথা ও কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ভিকটিমের মা আসামির অভিভাবকদের একাধিকবার জানালেও তারা এ বিষয়ে কোনো কর্ণপাত করেননি।
এরই ধারাবাহিকতায় গত ২৫ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে ভিকটিম নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় রানীহাট বাজারে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে অন্যদের সহায়তায় আসামি তন্ময় তানভীর নয়ন তার গলায় ধারালো অস্ত্র ধরে মৃত্যুর ভয় দেখিয়ে অপহরণ করেন বলে অভিযোগ করা হয়। পরে তাকে অজ্ঞাত স্থানে আটক করে রাখা হয় মর্মে ভিকটিমের মা আদালতে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের পর ভিকটিমের মা বাদী হয়ে আদালতে পাঁচজনকে এজাহারনামীয় আসামি করে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে শিবগঞ্জ থানায় মামলা নম্বর ২১, তারিখ ১৭ নভেম্বর ২০২৫, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর সংশোধনী ২০২৫ এর ৭ ও ৩০ ধারায় মামলা রুজু করা হয়।
এরপর র্যাব ৫ রাজশাহীর সদর কোম্পানি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে।
র্যাবের অপারেশন দল গত ১৩ সেপ্টেম্বর রাত ৯টা ২০ মিনিটে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মহানন্দা আবাসিক এলাকার আইকন টাওয়ারের নিচতলায় অভিযান চালায়। এ সময় মামলার অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। একই অভিযানে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি তন্ময় তানভীর নয়নকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তন্ময় তানভীর নয়ন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঝালমাছমারী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
খবর২৪ঘন্টা/জগসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।