
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে অভিযান চালিয়ে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার দক্ষিণ তেলীপাড়ার মৃত শাহজাহান শেখের ছেলে মো. হৃদয় শেখ (২৬), শাহজাহানপুর উপজেলার মাণিকদে উত্তরপাড়ার সাইফুল ইসলামের ছেলে মো. মাণিক (২০), শিবগঞ্জ উপজেলার গড় মহাস্থানের শমসের আলীর ছেলে মো. আশরাফুল ইসলাম (৪৫) এবং একই এলাকার আলাউদ্দিনের ছেলে মো. গোলাম রব্বানী (৩৩)।
অভিযানে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ১০টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকেই দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।