
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার সাবগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম বাজারস্থ শেফালী হোটেলে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত শেফালী বেগম আকাশতারা এলাকার মৃত জব্বারের মেয়ে ও মো. জাহিদের স্ত্রী।
ডিএনসি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানের সময় শেফালী হোটেল থেকে শেফালী বেগমকে ৫০ গ্রাম গাঁজা ও ২০টি টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দ করা গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেট নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে ডিএনসি বগুড়া নিরবচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি। কেউ মাদক সংক্রান্ত কোনো তথ্য পেলে তা গোপনীয়তার সঙ্গে ডিএনসিকে জানালে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে ডিএনসি বগুড়া নিয়মিত অভিযান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।