
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ মো. সেলিম প্রাং (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। দণ্ডপ্রাপ্ত সেলিম প্রাং দুপচাঁচিয়া উপজেলার উত্তর কইল গ্রামের মৃত মহোর আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গাঁজাসহ সেলিম প্রাংকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। উদ্ধার করা গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।
এ বিষয়ে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জিল্লুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি মাদক নির্মূলে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।