মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে এনায়েতপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইমরুল কায়েস সাজুর উদ্যোগে বিনামূল্যে একদিনের চক্ষু চিকিৎসা ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর মঙ্গলবার দিনব্যাপী সুজাইলহাট দেব কোচিং সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।
বিনা খরচে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পে সকাল থেকেই চিকিৎসা প্রত্যাশী তাদের স্বজন এবং এলাকার সুধীজন উল্লেখিত স্থানে সমবেত হয়। ইফফাত ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইমরুল কায়েস এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ ইমরুল কায়েস, জামাল উদ্দিন মন্ডল ,রিপন দেবনাথ প্রমূখ। উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৩ শতাধিক দুস্থ ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।
এদের মধ্যে থেকে ৪৬ জন চক্ষু রোগীকে প্রাথমিক পর্যায়ে সানি অপারেশনের জন্য নির্বাচিত করা হলেও মাত্রাতিরিক্ত ডায়াবেটিস সহ অন্যান্য জটিল রোগের কারণে ছানি অপারেশনের জন্য ৩৩ জনকে চূড়ান্ত ভাবে নির্বাচিত করা হয়। বাঁকিদের ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। তাদের জটিল রোগ নিয়ন্ত্রণ হলে তারাও অপারেশনে যাবে বলে উত্তরবঙ্গ চক্ষু হাসপাতাল (পত্নীতলার) ম্যানেজার অলক কুমার নিশ্চিত করেছেন।