
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলায় অভিযান চালিয়ে দুই পিস ইয়াবাসহ মোছা. দোলেনা (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে বগুড়া সদর উপজেলার সুলতানগঞ্জপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি অভিযানিক দল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াজেদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় দুই পিস ইয়াবাসহ দোলেনাকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
গ্রেপ্তার দোলেনা সুলতানগঞ্জপাড়া এলাকার মো. দুলাল হোসেনের মেয়ে। অভিযানে উদ্ধার করা ইয়াবা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
ডিএনসি বগুড়ার উপপরিচালক মো. জিললুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।