
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি অভিযানিক দল ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ১০টি ইয়াবা বড়ি ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নন্দীগ্রাম উপজেলার ওমরপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. আরিফ বিল্লাহ (২৪) এবং একই গ্রামের মৃত তমির উদ্দিনের ছেলে মো. আলম (৫০)।
পরে ভ্রাম্যমাণ আদালত দুজনকেই তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া আরিফ বিল্লাহকে ১০০ টাকা এবং আলমকে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।