
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) টুর্নামেন্ট ২০২৬-২৭-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. আরিফুর রহমান।
এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে ‘ক’ বিভাগে ২০টি এবং ‘খ’ বিভাগে ১৯টি দল রয়েছে। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, খেলাধুলায় প্রতিযোগিতা ও উত্তেজনা থাকলেও তা যেন কোনোভাবেই মাঠ থেকে গ্যালারি কিংবা গ্যালারি থেকে মাঠে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অংশগ্রহণকারী খেলোয়াড়, কোচ ও অতিথিদের যথাযথ সম্মান প্রদর্শনের পাশাপাশি যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দায়িত্বশীল আচরণ করতে হবে। সুন্দর উদ্বোধনের মতোই সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতার সমাপ্তি দেখতে চান তিনি।
তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই মাঠ একসময় বাংলাদেশের প্রথম অলিম্পিয়ান সাইদুর রহমান ডন, আশির দশকের দ্রুততম মানবী সুফিয়া খাতুন, অলিম্পিয়ান শিরীন ও সাফজয়ী ফুটবলার নার্গিসের মতো ক্রীড়াবিদদের পদচারণায় মুখর ছিল। তাঁদের গৌরবময় ঐতিহ্য ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ও দেশের ক্রীড়াঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আলিম বলেন, খেলাধুলা তরুণদের সুস্থ শরীর গঠনের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবেই। তবে খেলোয়াড়দের খেলাকে খেলার মনোভাব নিয়েই গ্রহণ করতে হবে। রেফারির সিদ্ধান্ত স্বাভাবিকভাবে মেনে নিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি জানান, আয়োজক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় চারটি খেলার আয়োজন করেছে। এ প্রতিযোগিতা আগামী দিনে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আরিফুর রহমান বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত খেলোয়াড়, টিম ম্যানেজার ও কোচদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে স্বাগত জানান। প্রতিযোগিতার প্রতিটি পর্ব সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করার পাশাপাশি সবাইকে সংযম ও শৃঙ্খলা বজায় রেখে খেলায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।