1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে মব সৃষ্টি, মাদক ও সাইবার অপরাধ দমনে কঠোর হওয়ার নির্দেশ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

রাজশাহীতে মব সৃষ্টি, মাদক ও সাইবার অপরাধ দমনে কঠোর হওয়ার নির্দেশ

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মব সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেওয়া, মাদক কারবার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সাইবার অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক কারবার, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে মব কালচারকে কেন্দ্র করে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।

এ ছাড়া সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সার মজুতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জ্বালানি সংকট মোকাবিলায় বাজার মনিটরিং জোরদার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে আলোচনা হয়। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি নগরের ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসন এবং অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণেও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সীমা খানম, ডিজিএফআই রাজশাহী শাখার উপপরিচালক শরিফুল্লাহ আল মাহমুদ, এনএসআই রাজশাহী মহানগরের যুগ্ম পরিচালক শাহিন আহমেদ, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি অলিউল হক রানা এবং রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team