
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরের শিবগঞ্জ বাজারে নকল সার ও কীটনাশকের কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও এসআরবি।
শনিবার সকাল থেকে বেলা ১১ পর্যন্ত অভিযানে দুটি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে এবং একজনকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ।
সূত্র জানায়, উপজেলার শিবগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে এস ডি এগ্রোভেট নামের একটি কারখানায় মোতাহার হোসেন নামক এক ব্যক্তি নকল সার ও কীটনাশক উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন। তার মৃত্যুর পর তার দুই ছেলে মো: শাহিনুর আলম ও দেলোয়ার হোসেন এস ডি এগ্রোভেট নামে পৃথক দুটি কারখানা পরিচালনা করে আসছে। তারা নকল সার-কীটনাশক উৎপাদন ও বাজারজাত করণের মাধ্যমে কৃষকদের সঙ্গে প্রতারণা ও কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত করছিল। গোপন সূত্রে খবর পেয়ে কৃষকদের সঙ্গে প্রতারণা ও কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় নকল সার-কীটনাশকের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন এনএসআই ও এসআরবি। অভিযানকালে এস ডি এগ্রোভেটের মালিক মো: শাহিনুর আলম উপস্থিত না থাকায় তার স্ত্রী হাসনাত জাহান পাপিয়ার বিরুদ্ধে বালাইনাশক আইন ২০১৮-এর ৩১(১) ধারায় অপরাধের দায়ে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। তিনি জরিমানার টাকা পরিশোধ করেন।
অন্যদিকে একই নামের আরেকটি কারখানা পরিচালনা করায় শাহিনুরের ভাই মো. দেলোয়ার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, ওই প্রতিষ্ঠানের বরণ ও জৈব সার তৈরির অনুমোদন থাকলেও ছাইবার মেথিন এবং তেলাপোকা মারার চক বানানোর কোন কাগজপত্র দেখাতে পারেননি তারা। তাদের অনুমোদন প্রাপ্ত পণ্যের মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হবে।
সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, প্রতিষ্ঠান দুটির মালিককে দুই লক্ষ টাকা জরিমানা ও একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। এরমধ্যে একজন জরিমানার অর্থ পরিশোধ করেন। কৃষকদের স্বার্থে ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।