
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজে (আইইওএল) ‘অ্যাকাডেমিক এন্ড প্রফেশনাল রাইটিং’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আইইওএল প্রাঙ্গণে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। আইইওএল এর পরিচালক প্রফেসর মাসউদ আখতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ বলেন, বিশ্ববিদ্যালয়ে শুধু পাঠদান ও গবেষণাই যথেষ্ট নয়। বিভিন্ন প্রয়োজনে, বিশেষ করে প্রশংসাপত্র ও গবেষণা প্রস্তাব প্রণয়ন, উচ্চশিক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ে ইমেইল যোগাযোগ, গবেষণা প্রকাশনা এবং সেমিনার ও সম্মেলনের জন্য গবেষণাপত্র প্রণয়ন, সম্পাদনা ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপনের ক্ষেত্রে বিশেষ কলাকৌশল প্রয়োজন। এ ধরনের কর্মশালা এসব দক্ষতা অর্জনে কার্যকর ভূমিকা রাখবে।
কর্মশালায় পাঁচটি অ্যাকাডেমিক সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট রিসোর্স পারসনরা বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রভাষকরা অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাবি সিন্ডিকেট সদস্য ও আইইওএল এর জাপানি ভাষার শিক্ষক প্রফেসর মো. রেজাউল করিম ২, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের পরিচালক প্রফেসর মোস্তফা কামাল, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আকতার বানু, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, কনফ্যুসিয়াস ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. আব্দুল মতিন তালুকদার, জাপানি ভাষার শিক্ষক প্রফেসর মঞ্জুলা বেগমসহ আইইওএল এ নিয়োজিত বিভিন্ন বিদেশি ভাষার শিক্ষকরা।
আইইওএল এর প্রভাষক সালমা সাবা উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।