
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম ও উপ-উপাচার্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান চলতি মাসের শেষে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহীর রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন এবং ওই কর্মসূচিতে উপাচার্য ও সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানান।
এ সময় ব্রিটিশ কাউন্সিলের কালচারাল প্রটেকশন ফান্ডের মাধ্যমে বাস্তবায়নাধীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘরের উন্নয়ন কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রফেসর মো. মোজাম্মেল হোসেন বকুল, বিভাগের শিক্ষক প্রফেসর নাজিয়াত চৌধুরী, সহকারী প্রক্টর প্রফেসর মো. গিয়াস উদ্দিন আহমেদ ও প্রফেসর মো. জহুরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলে আরও ছিলেন হেড অব এডুকেশন তৌফিক হাসান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (উপানুষ্ঠানিক শিক্ষা) তামিম মোস্তফা, ইংলিশ অ্যান্ড এক্সামিনেশন্স অ্যাকাউন্ট ম্যানেজার আনিকা বুশরা এবং সিকিউরিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার সাইদুল বাশার।
পরে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহীর আসন্ন রাবি সফরের কর্মসূচি নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ও শিক্ষকদের সঙ্গে সফরসূচি বাস্তবায়ন এবং বিভাগের মাধ্যমে বাস্তবায়নাধীন ‘ইয়থ কানেক্ট: ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড মিসইনফরমেশন রেজিলিয়েন্স’ প্রকল্পের আওতায় শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ আয়োজনের বিষয়েও আলোচনা করা হয়।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।