
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে দারুস সুন্নাহ মডেল মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার ৯ নম্বর বলইবুনিয়া ইউনিয়নের পাতাবাড়ীয়া গ্রামে অবস্থিত মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দক্ষিণ পাতাবাড়ীয়া বায়তুল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মো. ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজৈর নেছারিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী ফারুক আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দারুস সুন্নাহ মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং মোরেলগঞ্জ উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ তাওহিদী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষক হাফেজ মাইনুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল গফফার খান ও মো. নেছার খান।
এ ছাড়া অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন পশ্চিম কালিকাবাড়ী জামে মসজিদের খতিব মাস্টার আব্দুল হাই, ইউনুছ আলী সমাজকল্যাণ পাঠাগারের সভাপতি মো. রফিকুল ইসলাম, সমাজসেবক মো. মাসুদ আহমেদ, মো. ফজলু শেখ ও আব্দুল জলিল শিকদার।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দারুস সুন্নাহ মডেল মাদরাসার সার্বিক সহযোগিতা, অগ্রগতি ও উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, দারুস সুন্নাহ মডেল মাদরাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নূরানী, নাযেরা ও হিফজ বিভাগ চালু রয়েছে। শিক্ষার্থীদের জন্য আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ার ব্যবস্থাও রয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।