1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রামেক হাসপাতালে অবরুদ্ধের পর নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

রামেক হাসপাতালে অবরুদ্ধের পর নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গিয়ে অবরুদ্ধ ও মারধরের শিকার হওয়ার পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রামেক শাখার সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে তাঁদের অবরুদ্ধ করে রাখেন রামেক ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের উদ্ধার করে হেফাজতে নেন।

সকাল ১০টার দিকে শুভ ও নাহিদকে হাসপাতালে অবরুদ্ধ করার খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা-পুলিশ, গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশের বিশেষায়িত ইউনিট ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) এবং র‌্যাব সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের পরিচালকের কক্ষ থেকে শুভ ও নাহিদকে বের করে আনা হয়। এ সময় রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীম ও ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিনসহ নেতা-কর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাঁদের নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের ফটকে একটি মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়েছিল।

দুজনকে গাড়িতে তোলার সময় তাঁদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। একপর্যায়ে তাঁদের মারধরও করা হয়। শুভকে মাইক্রোবাসে তুলতে সক্ষম হলেও নাহিদ মাটিতে পড়ে যান। এ সময় তাঁকে কিল, ঘুষি ও লাথি মারেন উপস্থিত নেতা-কর্মীরা। পরে সিআরটি সদস্যরা তাঁকে উদ্ধার করে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে যান।

শুভ রামেকের ৫৯তম এবং নাহিদ ৬০তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থী। পঞ্চম বর্ষ শেষ করে তাঁরা হাসপাতালে ইন্টার্নশিপ শুরু করেছিলেন। তবে ২০২৪ সালের ৬ নভেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করে। স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ায় পুনরায় ইন্টার্নশিপ শুরু করার উদ্যোগের অংশ হিসেবে তাঁরা হাসপাতালে এসেছিলেন।

হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান করা কয়েকজন শিক্ষার্থীর ভাষ্য, শুভ ও নাহিদ কয়েক দিন ধরে হাসপাতালের উপপরিচালক হাসানুল হাসিবের কার্যালয়ে যাতায়াত করছিলেন। মঙ্গলবার হাসানুল হাসিব তাঁদের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-উল-ইসলামের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেন। এ জন্য তাঁরা পরিচালকের কার্যালয়ের পাশের অপেক্ষাকক্ষে বসেছিলেন। এর মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা সেখানে গিয়ে তাঁদের মারধর শুরু করেন। পরে নিরাপত্তার স্বার্থে দুজনকে পরিচালকের কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছায়।

এ বিষয়ে রামেক ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন বলেন, ‘স্বৈরাচার হাসিনা ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। এই অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কীভাবে হাসপাতালে প্রবেশ করলেন, সেটির তদন্ত প্রয়োজন। যারা তাঁদের হাসপাতালে এনেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।’

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ইন্টার্নশিপ স্থগিতের মেয়াদ শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী পুনরায় আবেদন করতে হয়। অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে তাঁরা ইন্টার্নশিপ করার সুযোগ পান। কিন্তু শুভ ও নাহিদ আবেদন না করেই পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) গাজিউর রহমান বলেন, ‘তাঁদের বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কাছে বিভিন্ন অভিযোগ ছিল। হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team