
নিজস্ব প্রতিবেদক: সৃজনশীল চিন্তা ও ব্যতিক্রমী আলোকচিত্রের স্বীকৃতি হিসেবে দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান তালহাকে ১০ হাজার টাকা সমমূল্যের গিফট প্রদান করেছে।
জানা গেছে, ঢাকার ডেমরা এলাকার বাসিন্দা হাসিবুর রহমান তালহা সম্প্রতি ‘স্বপ্ন’ ব্র্যান্ডের লোগোকে কেন্দ্র করে একটি ব্যতিক্রমধর্মী আলোকচিত্র ধারণ করেন। ছবিটিতে অন্ধকার ও প্রতিকূলতাকে অতিক্রম করে চাঁদের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্নকে প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে এটি স্বপ্ন ব্র্যান্ডের মূল দর্শন—স্বপ্ন দেখা, আশাবাদ, অগ্রযাত্রা এবং সম্ভাবনাকে শৈল্পিকভাবে ফুটিয়ে তুলেছে।
তালহার এই সৃজনশীল ও ইতিবাচক উদ্যোগ প্রতিষ্ঠানটির নজর কাড়ে। তার কাজের স্বীকৃতি হিসেবে ‘স্বপ্ন’ কর্তৃপক্ষ তাকে ১০ হাজার টাকা সমমূল্যের গিফট প্রদানের সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে স্বপ্নের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “যে কোনো ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগকে আমরা সবসময় উৎসাহিত করি। তালহার কাজটি শুধু একটি আলোকচিত্র নয়, এটি স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা জয় করার অনুপ্রেরণার প্রতীক। তরুণদের এমন সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগকে সম্মান জানাতে পেরে আমরা আনন্দিত।”
তিনি আরও বলেন, তরুণদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং ইতিবাচক উদ্যোগকে উৎসাহিত করার মাধ্যমে সমাজে অনুপ্রেরণার সংস্কৃতি গড়ে তুলতে ‘স্বপ্ন’ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের পাশে থাকবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তালহার ব্যতিক্রমী ফটোগ্রাফিটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সেই ধারাবাহিকতায় তার সৃজনশীল প্রচেষ্টাকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করেছে দেশের অন্যতম রিটেইল ব্র্যান্ড ‘স্বপ্ন’।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।