
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে ১ম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্ডো (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা। শনিবার (২৭ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।
আন্তঃবিশ্ববিদ্যালয় গেমস সাব-কমিটির সভাপতি ও কৃষি অনুষদের অধিকর্তা প্রফেসর মো. আরিফুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. রেজাউল করিম-২ এবং বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মাহবুবুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, দর্শন বিভাগের সভাপতি প্রফেসর মো. আরিফুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আব্দুল মান্নান, বিভিন্ন আবাসিক হলের প্রাধ্যক্ষসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোট ৭১ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে তায়কোয়ান্ডো খেলাকে আরও জনপ্রিয় করা এবং শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চার প্রসারে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।