
নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার সদরে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে ক্বারি শাফায়াত উল্লাহ (৩৭) নামে এক জামায়াত নেতা ও ইসলামি বক্তার মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. ফারহানা ওয়াহিদ তানি।
নিহত কারি শাফায়াত উল্লাহ উপজেলার বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী, ইসলামি বক্তা এবং স্থানীয় একটি মসজিদের খতিব হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানান, রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন শাফায়াত উল্লাহ। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। অসুস্থতা অনুভব করে ঘুম ভেঙে গেলে তিনি পাশে সাপ দেখতে পান এবং বিষয়টি পরিবারের সদস্যদের জানান।
নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, পরে তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। রাত প্রায় ২টার দিকে হাসপাতালে ভর্তি করা হলেও তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
যদুপুর গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, ঘুমন্ত অবস্থায় তাকে সাপ কামড় দেয়। পরিবারের লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বেগমপুর ইউনিয়ন জামায়াতের আমির মোশাররফ হোসেন বলেন, সাপের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শাফায়াত উল্লাহ। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ছিলেন।
স্থানীয়ভাবে ক্বারি শাফায়াত উল্লাহ একজন সুপরিচিত বক্তা ছিলেন। তার একটি কসমেটিকসের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া জেলার বিভিন্ন এলাকা ও দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে অংশ নিয়ে ইসলামি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।