
রাবি প্রতিনিধি: গবেষণা, জ্ঞানচর্চা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরো গতিশীল এবং আন্তর্জাতিক পরিসরে সম্প্রসারণের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সেন্টার ফর ইন্টিগ্রেটেড রিসার্চ ফর বিজনেস অ্যান্ড সোসাইটি (সিআইআরবিএএস) এবং এশিয়ান জার্নাল অব বিজনেস অ্যান্ড সোসাইটি–এর ওয়েবসাইট (www.cirbas.org) উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের সম্মেলনকক্ষে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সিআইআরবিএএসের পরিচালক অধ্যাপক এ. এন. এম. জাহাঙ্গীর কবীর, কেন্দ্রের সম্পাদক মো. শাওন উদ্দিন, গভর্নিং কমিটির সদস্য এবং কেন্দ্রের আজীবন, সাধারণ ও সহযোগী সদস্যরা সশরীরে ও অনলাইনে অংশ নেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, “বর্তমান ডিজিটাল যুগে একটি গবেষণা প্রতিষ্ঠানের কার্যক্রম দেশ-বিদেশে তুলে ধরতে একটি সমৃদ্ধ ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিআইআরবিএএসের নতুন ওয়েবসাইট গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও গবেষণার আদান-প্রদানকে আরো বেগবান করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সিআইআরবিএএসের পরিচালক অধ্যাপক এ. এন. এম. জাহাঙ্গীর কবীর বলেন, “নতুন ওয়েবসাইটটি কেন্দ্রের গবেষণা কার্যক্রম, প্রকাশনা, প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা, সম্মেলন এবং চলমান গবেষণা প্রকল্পের তথ্য একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থাপন করবে। একই সঙ্গে এটি দেশি-বিদেশি গবেষক ও প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও কার্যকর ভূমিকা পালন করবে।”
কেন্দ্রের সম্পাদক মো. শাওন উদ্দিন জানান, সিআইআরবিএএস প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো ব্যবসা, সমাজ, অর্থনীতি, পরিবেশ এবং টেকসই উন্নয়ন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তঃবিষয়ক গবেষণার মাধ্যমে সমাজকল্যাণে অবদান রাখা। নতুন ওয়েবসাইটটি গবেষণার ফলাফল, প্রকাশনা, গবেষণা কার্যক্রম, সদস্যপদ, চলমান প্রকল্প এবং বিভিন্ন একাডেমিক আয়োজন সম্পর্কে সর্বশেষ তথ্য সহজেই সবার কাছে পৌঁছে দেবে।
প্রসঙ্গত, সিআইআরবিএএস একটি গবেষণাকেন্দ্র, যা গবেষণার মাধ্যমে ব্যবসা ও সমাজের বিভিন্ন সমসাময়িক সমস্যা চিহ্নিত করে কার্যকর ও প্রমাণভিত্তিক সমাধান উদ্ভাবনে কাজ করে। গবেষক, শিক্ষাবিদ, শিল্পখাত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নীতিনির্ধারকদের মধ্যে গবেষণা সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে মানবকল্যাণ ও টেকসই উন্নয়নে অবদান রাখাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যরা সিআইআরবিএএস এবং এশিয়ান জার্নাল অব বিজনেস অ্যান্ড সোসাইটি–এর ওয়েবসাইট উদ্বোধনকে কেন্দ্রটির অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন এবং এর সফলতা কামনা করেন।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।