
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর মতিহার থানার পশ্চিম বুধপাড়া মহল্লায় স্বর্ণা খাতুন (২৬) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বর্ণা খাতুন ওই এলাকার শামিম ভুঁইয়ার মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নবম শ্রেণিতে পড়ার সময় স্বর্ণার বিয়ে হয়। পরে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। এরপর পড়াশোনায় মনোযোগী হন তিনি। ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে। সেখান থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন স্বর্ণা।
২০২৩ সালে পড়াশোনা শেষ করার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দেন তিনি। কিছুদিন আগে ছুটিতে রাজশাহীতে এসে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
সোমবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর স্বর্ণাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী স্বর্ণা কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ কারণে তার চিকিৎসাও চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক বিপর্যস্ততার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বর্ণার মা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।