পুঠিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
প্রকাশের সময় :
বুধবার, ২৪ জুন, ২০২৬
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: “সততাই দুর্নীতি প্রতিরোধের এক মাত্র উপায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৪ জুন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তার সরকার উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।“সততাই দুর্নীতি প্রতিরোধের এক মাত্র উপায়” এ বিষয়ের পক্ষে ও বিপক্ষে প্রতিযোগীরা যুক্তিপূর্ণ ও আকর্ষণীয় বিতর্ক উপস্থাপন করেন। প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে বিজয়ী হন পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয় দল এবং রানার্সআপ হন পুঠিয়া সরকারি পরেশ নারায়ন উচ্চ বিদ্যালয় দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন মাহাদিল হাসান। তিনি পুঠিয়া সরকারি পরেশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
অনুষ্ঠানে বিচারক মন্ডলী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আবুল কাশেম, মুনসুর রহমান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ওমরগাড়ি ফাজিল মাদ্রাসা ও পুঠিয়া আল ইন সানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মেহের আলী।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, “দুর্নীতি একটি সমাজ ও রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে এখন থেকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশপ্রেমের শপথ নিয়ে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিকে ‘না’ বলতে হবে। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার আদর্শে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আফছার আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদস্যবৃন্দ মারুফ হাসান বাবলু, আক্তার বানু ডলি, রেখা খাতুন, সাহাদৎ হোসেন, মাজহারুল ইসলাম মিন্টু, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মামুনুর রশিদ প্রধান শিক্ষক ভালুক গাছি উচ্চ বিদ্যালয় ও স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন। এছাড়া দুর্নীতিবিরোধী সচেতনতামূলক শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।