
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীসহ দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের দাপট ক্রমেই বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ অঞ্চলের ছয় জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকার পাশাপাশি আরও বিস্তার লাভ করতে পারে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। একই সময়ে দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপ সক্রিয় রয়েছে, যা দেশের সামগ্রিক আবহাওয়ায় প্রভাব ফেলছে।
পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা কম। বরং দিন ও রাত—উভয় সময়েই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।
রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় ইতোমধ্যে মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে এবং স্থায়ী হওয়ার আশঙ্কাও রয়েছে।
প্রথম ২৪ ঘণ্টার পূর্বাভাসে সিলেট বিভাগের কিছু এলাকা এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে রাজশাহী অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বর্ধিত পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে, পাঁচ দিনের শেষভাগে তাপমাত্রা আরও বাড়তে পারে। যদিও চতুর্থ ও পঞ্চম দিনে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে, তবুও তাপদাহের তীব্রতা দ্রুত কমার সম্ভাবনা নেই।
এছাড়া পশ্চিমা লঘুচাপ ও বঙ্গোপসাগরের পরিস্থিতির প্রভাবে দেশের কোথাও কোথাও কালবৈশাখীর মতো ঝড়ো আবহাওয়ার সৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে গরমের অস্বস্তি বজায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
খবর২৪ঘন্টা /এফএম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।