
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত বগুড়া সদর থানার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে ও চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালায়। অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ শুকুর আলী (১৮), হুমায়ুন কবির (৫২), আল আমিন (২৯) ও শুভ (২২) নামের চারজনকে গ্রেপ্তার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার শুকুর আলীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৩০ টাকা অর্থদণ্ড দেন। অপর তিনজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে উদ্ধার করা গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।