
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ৪০০ ইয়াবা ট্যাবলেটসহ মো. মধু মিয়া (৬২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উপজেলার গোলাই গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মধু মিয়া রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর গ্রামের মৃত নইছ উদ্দিনের ছেলে।
জেলা ডিবি পুলিশ জানায়, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, গোলাই গ্রামের বাদশা মন্ডলের একটি প্লটে মাদক বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে জেলা ডিবির পুলিশ পরিদর্শক মো. মোমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মো. স্বপন হোসেন ও সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মধু মিয়া পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে আটক করা হয়। পরে তাঁর পরনের লুঙ্গির ডান পাশের টেমর থেকে দুটি নীল পলিথিনে রাখা ৪০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের সময় মো. মিলন হোসেন ওরফে বগা (৪৫) নামের আরও এক ব্যক্তি পালিয়ে যান। তিনি রাজশাহী মহানগরীর দামকুড়া থানার পুরাতন কসবা এলাকার আবুল কালাম আজাদের ছেলে। পুলিশ জানিয়েছে, মিলন হোসেনের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার মধু মিয়া ও পলাতক মিলন হোসেনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।