
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ম্যাচকে কেন্দ্র করে ইতিহাস ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত ইতিহাস বিভাগের ফুটবল দলের খেলোয়াড় আবু সুয়াইব মোহাম্মদ জিমকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের রাউন্ড অব ১৬-এর ম্যাচ শেষে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্ধারিত সময়ের খেলায় ইতিহাস ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ১-১ গোলে সমতায় ছিল। পরে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ইতিহাস বিভাগ ৩-১ গোলে জয়লাভ করে।
খেলা শেষে দুই বিভাগের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে স্লেজিং ও উদযাপনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, সংঘর্ষের সময় তাঁদের দলের এক খেলোয়াড়ের মাথায় ইটের আঘাত লাগে। অন্যদিকে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থীদের দাবি, ইতিহাস বিভাগের গ্যালারি থেকে তাঁদের গোলরক্ষকের দিকে ইট ছোড়া হয়। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তবে উভয় পক্ষই ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে।
ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্টেডিয়াম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বিষয়টি নিয়ে দুই বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগমও ঘটনার সুষ্ঠু তদন্তের কথা জানিয়েছেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।