
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সামরিক অভিযানে গাজা উপত্যকাজুড়ে ব্যাপক পরিবেশদূষণ ছড়িয়েছে। বিষাক্ত পানি, দূষিত মাটি ও বাতাসের কারণে ফিলিস্তিনিদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় পরিবেশব্যবস্থা হুমকির মুখে পড়েছে। এর প্রভাব কয়েক দশক ধরে থাকতে পারে বলে সতর্ক করেছে অক্সফাম ও কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি (সিওবস)। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
সংস্থা দুটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় গাজাজুড়ে ভারী ধাতু, বিস্ফোরকের অবশিষ্টাংশ, ধ্বংস হওয়া ভবনের অ্যাসবেস্টস ও পয়োনিষ্কাশনের বর্জ্য ছড়িয়ে পড়েছে। এতে বাতাস, মাটি ও পানি বিপজ্জনক হয়ে উঠেছে।
অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেন, গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযান পরিবেশের ওপরও আঘাত হানছে। এর ফলে পরিবেশগত যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে, যার প্রভাব বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে হুমকিতে ফেলছে। তিনি বলেন, গাজার পরিবেশ ধ্বংস ও দূষণের ফলে মানুষের নিরাপত্তা ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরিবেশগত পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইনের অধীনে ইসরায়েলের আইনি বাধ্যবাধকতাও লঙ্ঘিত হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ফিলিস্তিনিরা বাতাস, খাবার, পানি এবং দূষিত মাটি ও ধ্বংসস্তূপের সরাসরি সংস্পর্শের মাধ্যমে বিষাক্ত পদার্থের ঝুঁকিতে রয়েছেন। দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ পুনরুদ্ধারের উদ্যোগ না নিলে এই ঝুঁকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে পারে।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) হিসাব অনুযায়ী, ইসরায়েলের সামরিক অভিযানে গাজাজুড়ে ৬ কোটি ১০ লাখ টনের বেশি ধ্বংসাবশেষ তৈরি হয়েছে। ধ্বংস হওয়া বাড়িঘর, আবাসিক এলাকা ও অবকাঠামো সম্ভাব্য বিপজ্জনক উপাদানের বিশাল ভাণ্ডারে পরিণত হয়েছে।
স্যাটেলাইট চিত্র, রিমোট সেন্সিং, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও উন্মুক্ত তথ্য-উপাত্ত ব্যবহার করে তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় দূষণ ব্যাপক, তীব্র এবং জনস্বাস্থ্যের জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।
অক্সফামের বৈশ্বিক পানি ও পয়োনিষ্কাশন বিশেষজ্ঞ এবং প্রতিবেদনটির লেখক লামা আবদুল সামাদ বলেন, শহরের ধ্বংসস্তূপ, কৃষিজমি, পানিব্যবস্থা ও মাটিজুড়ে দূষণ ছড়িয়ে পড়ায় পরিবেশগত ক্ষতি মোকাবিলা করা অত্যন্ত কঠিন হবে। অবিস্ফোরিত গোলাবারুদের কারণে অধিকাংশ এলাকায় নিরাপদে প্রবেশও সম্ভব হচ্ছে না।
অমিতাভ বেহার বলেন, গাজার পয়োনিষ্কাশনব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় মানুষ দূষণ থেকে নিজেদের রক্ষার সুযোগ হারিয়েছে। অপরিশোধিত পয়োবর্জ্য সাগরে গিয়ে পড়ছে এবং মাটির নিচেও ছড়িয়ে পড়ছে। এর ফলে পোকামাকড় ও রোগের ঝুঁকি বাড়ছে। শিশু ও গর্ভবতী নারীরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১ লাখ ৭৫ হাজার আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন।
২০২৫ সালে এবং চলতি বছরের শুরুর দিকে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে। কমিশন জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলি কর্মকর্তারা এসব কর্মকাণ্ডে উসকানি দিয়েছেন। তবে জেনেভায় ইসরায়েলি মিশন কমিশনের প্রতিবেদনকে ‘মানহানিকর ভাঁওতা’ বলে প্রত্যাখ্যান করেছে। পৃথকভাবে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।