
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুল্লাহ প্রামাণিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আ. গাফফার।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা ও সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে সুস্থ জীবনযাপনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।