
চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও হাতধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে হাতধোয়া প্রদর্শনী এবং উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রাজশাহী খবর
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মেহেদী হাসান।
তিনি বলেন, সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া সহজ ও কার্যকর স্বাস্থ্যকর অভ্যাস। এর মাধ্যমে বিভিন্ন রোগের সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে হবে। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই সঠিক নিয়মে হাত ধোয়া শেখাতে হবে। পাশাপাশি পরিবারের সদস্য ও আশপাশের মানুষকেও এ বিষয়ে সচেতন করতে হবে।
সভায় বক্তারা বলেন, সুস্থ জীবনযাপন ও রোগ প্রতিরোধে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার বিকল্প নেই। খাবার খাওয়ার আগে, খাবার তৈরির সময়, শৌচাগার ব্যবহারের পর এবং শিশুদের পরিচর্যার পর ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা খাতুন, চারঘাট পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু এবং থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।